ইসলামি বিশ্বের দর্শন: দর্শনের এক নিরবচ্ছিন্ন ইতিহাস (৩য় খণ্ড) — পিটার অ্যাডামসন
← Prev Next →

অধ্যায় ৬: যুক্তিনির্ভর বিশ্বাস, সাআদিয়া গাওন।

3,092 words ~16 min

প্রথম খণ্ড: গঠনমূলক সময়কাল।

অধ্যায় ৬: যুক্তিনির্ভর বিশ্বাস, সাআদিয়া গাওন।

যখন আপনি মধ্যযুগ শব্দটি শোনেন, তখন বিভিন্ন বিষয় আপনার মনে ভেসে আসতে পারে। যেমন, উজ্জ্বল বর্ম পরিহিত বীর যোদ্ধা; মঠের পরিশ্রমি সন্ন্যাসী; সামন্ততান্ত্রিক এস্টেটগুলোতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা কৃষক; কিংবা কাঁটা-চামচ ছাড়াই মাংসের বিশাল টুকরো ভক্ষণরত লর্ড ও লেডিগণ। ফলপ্রসূ আন্তঃধর্মীয় সংলাপ সম্ভবত আপনার তালিকার অনেক নিচেই থাকবে। আমরা সাধারণত ধরে নেই যে, এ জাতীয় সংলাপ একটি সাম্প্রতিক উন্নয়ন, যা আজকের যুগের অধিকতর জ্ঞানদীপ্ত এবং সহনশীল দৃষ্টিভঙ্গির কারণে সম্ভব হয়েছে, বর্তমানে বিশ্বজনীনতা সমাদৃত এবং নিপীড়ন ও ক্রুসেড বর্জিত; অন্তত আমরা তাই ভাবতে পছন্দ করি। তবে আমি আপনাকে মধ্যযুগ সম্পর্কে এই কুসংস্কার পরিত্যাগ করতে রাজি করানোর আশা রাখি। এই সিরিজের পরবর্তী খণ্ডে আমরা দেখব যে, লাতিন ভাষায় লেখা মধ্যযুগীয় খ্রিস্টান চিন্তাবিদগণ কীভাবে ব্যাপকভাবে মুসলিম এবং ইহুদি লেখকদের থেকে জ্ঞান আহরণ করেছিলেন। আর মধ্যযুগীয় ইসলামী বিশ্বে আন্তঃধর্মীয় আলোচনা ও বিতর্কের পরিবেশ ছিল বিশেষভাবে অনুকূল।

অধিকাংশ ক্ষেত্রে, ইসলামের শাসনাধীন বিশাল ভূখণ্ডে ইহুদি ও খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে বসবাস করুক, মুসলমানরা এটাই পছন্দ করতেন। এটা স্বীকৃত যে, এই অন্য আহলে কিতাব বা কিতাবী জাতিসমূহকে বিশেষ কিছু শর্ত মানতে হতো, যেমন উচ্চতর কর প্রদান। এর ফলে মাঝেমধ্যে এমন এক বিদ্রূপাত্মক পরিস্থিতি তৈরি হতো যে, মুসলিম শাসকরা পরোক্ষভাবে অন্য ধর্মাবলম্বীদের ইসলাম গ্রহণে নিরুৎসাহিত করতেন, কারণ তাদের অতিরিক্ত রাজস্ব আয়ের প্রয়োজন ছিল। (বর্তমান যুগে সরকারগুলো গোপনে ধূমপায়ীদের নিয়ে যেমন বেশ সন্তুষ্ট থাকে, কারণ এটি সিগারেটের করের মাধ্যমে অতিরিক্ত অর্থ নিয়ে আসে, এর সাথে বিষয়টির তুলনা করা যেতে পারে। ) অবশ্যই, অমুসলিমদের ওপর মাঝেমধ্যে যে কষ্ট ও নিপীড়ন নেমে আসত সে ব্যাপারে আমাদের উদাসীন হওয়া উচিত নয়। যখন আমরা মুসলিম স্পেনের আলমোহাদ শাসনের আলোচনায় যাব, তখন এর একটি চরম উদাহরণ দেখতে পাব। এছাড়াও, আন্তঃধর্মীয় আলোচনাগুলো প্রায়ই জোরালো খণ্ডনের রূপ নিত, যেমনটি আমরা ইতিমধ্যে ত্রিত্ববাদের ওপর আল-কিন্দির সমালোচনার ক্ষেত্রে দেখেছি। তবুও, এটি একটি অকাট্য সত্য যে, ইসলামী বিশ্বের ইহুদি ও খ্রিস্টান দার্শনিকগণ সৃজনশীলভাবে মুসলিম চিন্তাবিদদের সাথে জ্ঞানতাত্ত্বিক বিষয়ে সম্পৃক্ত ছিলেন এবং মুসলিমরাও একইভাবে তাঁদের সাথে যুক্ত ছিলেন। এর এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন এমন একজন ব্যক্তি যিনি নিজেই অনেক বিচারিক সিদ্ধান্ত দিয়েছেন: তিনি হলেন বিচারপতি, বাইবেল ভাষ্যকার, ভাষাবিদ এবং দার্শনিক সাঈদ ইবনে ইউসুফ আল-ফাইয়ুমি, যিনি সাধারণত সাদিয়া গাওন নামে অধিক পরিচিত।

তাঁর নামের শেষ অংশ নির্দেশ করে যে, তিনি উচ্চ মিশরের ফাইয়ুম থেকে এসেছেন। তিনি ৮৮২ খ্রিস্টাব্দে সেখানে জন্মগ্রহণ করেন, আল-কিন্দির মৃত্যুর মাত্র কয়েক বছর পরে (যাঁর সাথে সাদিয়া ভিন্ন ধর্মবিশ্বাস থাকা সত্ত্বেও, বুদ্ধিবৃত্তিক দিক থেকে তাদের মধ্যে অনেক মিল ছিল। ২৩ বছর বয়সে সাদিয়া মিশর ছেড়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং এর তেরো বছর পর তিনি ইরাকে চলে যান, যেখানে তিনি সুরা শহরের ইহুদি একাডেমির গাওন হিসেবে নিযুক্ত হন। এটি একটি প্রশ্ন উত্থাপন করে: গাওন কী? মূলত, ষষ্ঠ থেকে একাদশ শতাব্দী পর্যন্ত ব্যাবিলনের র্যাবাইনীয় একাডেমিগুলোর প্রধানদের গাওনিম বলা হতো। এর অর্থ হলো, সাদিয়া ছিলেন সর্বোপরি ইহুদি আইনের একজন পণ্ডিত, যার দক্ষতা কেবল হিব্রু বাইবেলেই নয়, বরং মিশনায় সংকলিত মৌখিক ঐতিহ্য এবং তালমুদের বিশাল ভাষ্যের ওপরও ছিল। সাদিয়া কারাইটদের বিরুদ্ধে এই শিক্ষাগুলোর মূল্যের একজন একনিষ্ঠ রক্ষক ছিলেন এবং তাদের খণ্ডন করে বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন। এটি ছিল তাঁর শক্তি ব্যয়কারী বেশ কয়েকটি বিতর্কের মধ্যে একটি মাত্র। একটি আইনি সিদ্ধান্তের ওপর বিরোধের জেরে ব্যাবিলনের ইহুদি সম্প্রদায়ের নেতা স্থানীয় এক্সিলার্ক সাদিয়াকে তাঁর পদ থেকে অপসারণের চেষ্টা করেছিলেন। আইনের দক্ষতার পাশাপাশি সাদিয়া ভাষাতত্ত্বেও একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি হিব্রু বাইবেলের একটি বহুল ব্যবহৃত আরবি অনুবাদ এবং হিব্রু ব্যাকরণের প্রাচীনতম বিদ্যমান গ্রন্থটি রচনা করেছিলেন।

সাদিয়া শব্দের ওপর এমন দক্ষ হওয়াটা ছিল যথাযথ, কারণ তাঁর দার্শনিক লেখনিগুলোতে তিনি ইসলামি শব্দের বিজ্ঞান অর্থাৎ ইলমুল কালাম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। তাঁকে প্রায়শই একজন দার্শনিক হিসেবে নয়, বরং একজন ইহুদি মুতাকাল্লিম (অর্থাৎ কালাম শাস্ত্রের প্রবক্তা) হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু তিনি মুতাজিলা নামে পরিচিত ধর্মতাত্ত্বিকদের বিশেষ ঘনিষ্ঠ বলে মনে হয়, তাই আপনি এমনকি পণ্ডিতদের তাঁকে ইহুদি মুতাজিলা বলতেও দেখবেন। এই দিক থেকে তিনি পূর্ববর্তী দাউদ আল-মুকাম্মিসের সাথে তুলনীয়। এটি আশ্চর্যজনক মনে হতে পারে যে, এই ইহুদি চিন্তাবিদদের ইসলামি ধর্মতাত্ত্বিকদের সাথে এমন বুদ্ধিবৃত্তিক ঘনিষ্ঠতা ছিল। কিন্তু সাদিয়া মুতাজিলাদের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করছিলেন না। প্রকৃতপক্ষে, আমি আগেই উল্লেখ করেছি যে, নবম শতাব্দীতে মুতাজিলারা তখনও কোনো ঐক্যবদ্ধ ধারা বা আন্দোলন ছিল না যার প্রতি কেউ আনুগত্য ঘোষণা করতে পারে, বরং তারা ছিলেন স্বাধীনমনা ধর্মতাত্ত্বিক যারা নিজেদের মধ্যে বিতর্ক করতেন, যদিও তারা অভিন্ন মৌলিক ধারণার ভিত্তিতে তা করতেন। তদুপরি, সাদিয়াকে একজন ইহুদি মুতাজিলা হিসেবে নয় বরং একজন বুদ্ধিবৃত্তিক সংগ্রাহক হিসেবে মনে হয়। তিনি ইহুদি বিশ্বাসের একটি নিয়মতান্ত্রিক ও যৌক্তিক বিবরণ তৈরি করতে তাঁর কাছে উপলব্ধ সমস্ত উপাদান ব্যবহার করেছিলেন। তাঁর ধর্মগ্রন্থ এবং তাঁর আইনি ঐতিহ্যের বিশ্বাসের প্রতিই ছিল তাঁর আসল আনুগত্য।

তাই এটি আবারও যথাযথ যে সাদিয়ার প্রধান দার্শনিক গ্রন্থের নাম হবে কিতাবুল আমানাত ওয়াল ইতিকাদাত: মতবাদ ও বিশ্বাসের গ্রন্থ। এই গ্রন্থে তিনি কেবল ইহুদি ধর্মের মৌলিক বিশ্বাসগুলোই তুলে ধরেননি। তিনি ব্যাখ্যা করেছেন কীভাবে এই বিশ্বাসগুলো যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি যদি আরবি অনুবাদে মুতাজিলা এবং গ্রিক লেখকদের উদ্ধৃত করেন, তবে তার কারণ হলো তিনি মনে করতেন যে তারা যুক্তির মূলনীতি স্থাপনে এবং সেই ভিত্তিতে যুক্তি প্রদানের ক্ষেত্রে চমৎকার কাজ করেছেন। সাদিয়া তাঁর কাজের একদম শুরুতেই সঠিক দার্শনিক পদ্ধতির প্রতি তাঁর আগ্রহ প্রদর্শন করেন। তিনি আমাদের বলেন যে, যখন আমরা জ্ঞানের সন্ধানে থাকি, তখন আমাদের আক্ষরিক অর্থেই ইন্দ্রিয় সচেতনতা থেকে শুরু করা উচিত।

ইন্দ্রিয়ানুভূতি হলো প্রথম মাধ্যম যার দ্বারা মানুষ সত্য উপলব্ধি করতে পারে। এর মাধ্যমে সাদিয়া প্রথমত প্রাত্যহিক অভিজ্ঞতাগুলোকে বুঝিয়েছেন, যেমন মাঠে একটি জিরাফ দাঁড়িয়ে থাকতে দেখা। ইন্দ্রিয়ানুভূতি যুক্তির সাধারণ ধারণাগুলোকেও জন্ম দেয়, যেমন জিরাফ ধারণাটি। তবে যুক্তি ইন্দ্রিয়ের ব্যবহার ছাড়াই নিজস্বভাবে কিছু সত্য উপলব্ধি করতে পারে। এখানে আমরা হয়তো গাণিতিক সত্য বা যুক্তির নিয়মের মতো কোনো উদাহরণের প্রত্যাশা করতে পারি, কিন্তু সাদিয়া এর পরিবর্তে উল্লেখ করেছেন যে, আমরা সহজাতভাবে সত্যকে অনুমোদন করি এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করি। এই ধরনের তাৎক্ষণিক যৌক্তিক অন্তর্দৃষ্টি হলো জ্ঞানের দ্বিতীয় উৎস। তৃতীয় উৎসটি হলো প্রথম দুটি উৎস থেকে প্রাপ্ত অনুমিতি, যেমন, যখন আমি ধোঁয়া দেখি এবং অনুমান করি যে সেখানে আগুন আছে, অথবা আমি তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে পারি এমন সহজ সত্যগুলো থেকে আরও জটিল গাণিতিক সত্য গঠন করি।

পরিশেষে, জ্ঞানের এই তিনটি মাধ্যমের সাথে যা যুক্ত হয় তা হলো যা আমরা সাক্ষ্য (খবর, ১৮) থেকে শিখতে পারি। এখানে, যেমনটি আমরা প্রত্যাশা করতে পারি, সাদিয়া প্রধানত ধর্মীয় গ্রন্থ থেকে সংগৃহীত সত্যগুলোর কথা ভাবছেন। কিন্তু এই ধারণাটি আরও সাধারণ উদাহরণেও প্রয়োগ করা যেতে পারে, যেমন যখন আপনি বিশ্বাস করেন যে সাদিয়া ইরাকে বসবাস করতেন এবং ৯৪২ সালে মারা গিয়েছিলেন, কারণ আমি আপনাকে তা বলেছি। সাধারণ হোক বা না হোক, সাদিয়া জ্ঞানের এই চতুর্থ পথের মাধ্যমে আরও বিতর্কিত ক্ষেত্রে পদার্পণ করেছেন বলে মনে হয়। অবশ্যই আমরা সাক্ষ্যের মাধ্যমে বিশ্বাস অর্জন করি, কিন্তু আমরা কি সত্যিই জ্ঞান অর্জন করতে পারি? এটি এমন একটি প্রশ্ন যা এই বইটিতে বারবার উঠে আসবে, আসলে পরবর্তী অধ্যায়েই যখন আমরা চিকিৎসক ও দার্শনিক আর-রাজীর দিকে তাকাব। যেমনটি আমরা দেখব, তিনি কর্তৃপক্ষের ওপর বিচারহীন নির্ভরতাকে তুচ্ছজ্ঞান করতেন, যাকে আরবিতে তাকলিদ বলা হয়। আল-ফারাবীও প্রামাণিক সাক্ষ্যের ওপর ভিত্তি করে জ্ঞানের দাবির প্রতি আকৃষ্ট হবেন না, এবং আমরা এমনকি আল-গাজালীর মতো ধর্মতত্ত্ববিদদেরও তাদের বিরোধীদের দিকে তাকলিদের অভিযোগ ছুড়ে দিতে দেখব। কালাম শাস্ত্রের অনেক প্রবক্তার কাছে, যেমনটি দার্শনিকদের ক্ষেত্রেও সত্য, আমরা অন্যদের কথা বিশ্বাস করে নয় বরং আমাদের যুক্তির ক্ষমতা ব্যবহার করে সত্যকে বুঝতে পারি।

কিন্তু সাদিয়া এটি বলছেন না যে প্রথা বা ঐতিহ্য আমাদের যা বলে তা আমাদের অন্ধভাবে অনুসরণ করা উচিত। বরং ঐতিহ্য নিজেই জ্ঞানের অন্য তিনটি পথের মাধ্যমে যাচাইকৃত হয়। নবীগণ কেবল অলৌকিক কাজই করেননি যা তাঁদের সত্যতার ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ দেয়, বরং আসমানী কিতাবসমূহের বার্তাও যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা নিজেরাই বুঝতে পারি যে হত্যা করা অন্যায়, তাই যখন দশ আজ্ঞা-তে হত্যার নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকে, তখন আমাদের কেবল আল্লাহর বাণীর ওপর নির্ভর করতে হয় না। আমরা জানি যে এই আদেশটি সঠিক। বাইবেলের একটি গভীর পাঠ দেখায় যে এর বার্তাগুলো অভিন্নভাবে যুক্তির সিদ্ধান্তের সাথে সংগতিপূর্ণ। এটি আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে মানুষের যুক্তি একটি ঐশ্বরিকভাবে অবতীর্ণ গ্রন্থের ওপর বিচারকের আসনে বসে আছে। কিন্তু সাদিয়া দ্রুত যোগ করেন যে, এই নিশ্চিতকরণ প্রক্রিয়াটি বিপরীতভাবেও কাজ করে। তিনি বাইবেল থেকে উদ্ধৃতি প্রদান করেন এটি প্রমাণ করতে যে, কিতাবসমূহ ইন্দ্রিয়ানুভূতি, যুক্তি এবং অনুমিতির ব্যবহারকে সমর্থন করে, ঠিক যেমন এই তিনটি উৎস নবীগণের ওহীর সত্যতাকে সমর্থন করে। ফলে সেখানে পারস্পরিক সমর্থনের একটি চমৎকার চক্র বিদ্যমান। আমাদের জ্ঞান লাভের সহজাত সক্ষমতা এবং আমাদের প্রতি অর্পিত প্রত্যাদেশিত সত্যসমূহের মধ্যে।

একজন সুশৃঙ্খল চিন্তাবিদ হিসেবে সাদিয়া এই পদ্ধতিগত আলোচনার শিক্ষাগুলো মানুষের জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োগ করতে শুরু করেন: আল্লাহ এবং মহাবিশ্ব সৃষ্টিতে তাঁর ভূমিকা। দুর্ভাগ্যবশত, জ্ঞানের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি সবচেয়ে বড় সমস্যারও সম্মুখীন হয়। জিরাফের মতো আল্লাহ নিজেকে ইন্দ্রিয়ের কাছে সরাসরি উপস্থাপন করেন না, তাই আমরা দুশ্চিন্তা করতে পারি যে অনুভবের প্রাথমিক পথটি এখানে সম্পূর্ণরূপে অকেজো হবে। কিন্তু সাদিয়া যেমন উল্লেখ করেছেন, ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানো সবকিছুই যে তাৎক্ষণিকভাবে ইন্দ্রিয়গ্রাহ্য হবে এমন নয়। তিনি বরফের উদাহরণ দেন, যা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত হয় যে তা পানি থেকে উদ্ভূত, আর পানি আসে ঘনীভূত বাষ্প থেকে। আমাদের অনুসন্ধান কম সূক্ষ্ম থেকে অধিক সূক্ষ্ম বিষয়ের দিকে ধাবিত হয়, ভৌত অর্থের দিক থেকেও যেমন জলীয় বাষ্পের ঘনত্ব কম, তেমনি ব্যাপক অর্থে যা বিমূর্ত এবং অনুভব করা কঠিন। পুরো মহাবিশ্বের ক্ষেত্রেও একই পদ্ধতি কাজ করে। আমরা আমাদের চারপাশের জগত পর্যবেক্ষণের মাধ্যমে শুরু করি এবং উপলব্ধি করি যে এটি অবশ্যই কোনো না কোনো কারণ থেকে উদ্ভূত হয়েছে, যা অবশ্যই আল্লাহ। বরফ এবং জলীয় বাষ্পের মতোই, আমরা ইন্দ্রিয় দিয়ে শুরু করি কিন্তু এমন কিছুর অস্তিত্ব মেনে নিতে বাধ্য হই যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়।

সাদিয়ার যুক্তির প্রশংসা অক্ষুণ্ণ রেখেই, সামনে অগ্রসর হওয়ার আগে তাঁর দৃষ্টিভঙ্গির একটি সম্ভাব্য সমস্যা আমাদের বিবেচনা করা উচিত। যদি আল্লাহর অস্তিত্ব কেবল ইন্দ্রিয় দ্বারা অনুভব করা জিনিসের মাধ্যমে অনুমান করা হয়, তবে আমরা কি আল্লাহর প্রকৃত সত্তা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে থেকে যাব না? তিনি কেবল একটি অজানা মূলনীতি হয়ে থাকবেন, যা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলো কোথা থেকে এসেছে তা ব্যাখ্যা করার জন্য কল্পনা করা হয়েছে। কিন্তু এটি হবে জ্ঞানের দ্বিতীয় উৎস, বিবেচনাপ্রসূত তাৎক্ষণিক সিদ্ধান্তের কথা ভুলে যাওয়ার মতো। এগুলো আল্লাহ এবং জগতের সাথে তাঁর সম্পর্ক সম্পর্কে আমাদের বেশ কিছু তথ্য দিতে পারে। প্রথমত, কেবল যুক্তি ব্যবহার করেই আমরা প্রমাণ করতে পারি যে মহাবিশ্ব অনাদি নয়। প্রকৃতপক্ষে, মুতাজিলাদের যুক্তি অনুযায়ী, আমরা এটি প্রতিষ্ঠিত করতে পারি যে প্রতিটি বস্তু অবশ্যই সৃষ্ট হতে হবে, এবং এটি নির্দেশ করে যে এর একটি নিরাকার ও অনাদি কারণ বিদ্যমান। সাদিয়া এর পক্ষে একগুচ্ছ যুক্তি উপস্থাপন করেছেন, যা আল-কিন্দীর দেওয়া যুক্তিগুলোর কথা আশ্চর্যজনকভাবে মনে করিয়ে দেয়। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, কারণ উভয়ই জন ফিলোপোনাস কর্তৃক উদ্ভাবিত মহাবিশ্বের অনাদিত্বের বিরুদ্ধে প্রমাণগুলোই পুনরুৎপাদন করছেন। প্রসঙ্গত, আল-কিন্দী এই বিষয়টিও উল্লেখ করেছেন যে মহাবিশ্ব অনাদি কি না, সেই প্রশ্নটি কেবল বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা সম্ভব। সেখানে আরও কিছু সাদৃশ্য রয়েছে। উভয়ই অনাদিত্বের আলোচনার পর এই প্রমাণ উপস্থাপন করেন যে কোনো কিছুই নিজেকে সৃষ্টি করতে পারে না এবং তারপরে আল্লাহর গুণাবলী বিবেচনার দিকে অগ্রসর হন। সুতরাং তাদের মধ্যকার ঐতিহাসিক সংযোগ সম্ভবত কেবল ফিলোপোনাসের ওপর ভিত্তি করার চেয়েও গভীর হতে পারে।

আল্লাহকে বোঝার ক্ষেত্রে আমরা এখনও যুক্তির সকল সম্পদ ব্যবহার করে শেষ করিনি। আমরা কেবল দেখলাম যে তিনি অনাদি এবং নিরাকার। অধিকতর চিন্তাভাবনা প্রকাশ করে যে তাঁর আরও বেশ কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এক দিক থেকে, আল-কিন্দী যেমন বলেছিলেন, আল্লাহর অবশ্যই সম্পূর্ণরূপে এক হবেন। সর্বোপরি, তিনি কোনো দেহ নন এবং ফলে তাঁর কোনো অংশ নেই, তাই তিনি সম্পূর্ণরূপে অবিভাজ্য। এছাড়া, স্রষ্টা হিসেবে তাঁকে অবশ্যই জীবন্ত, শক্তিশালী এবং জ্ঞানময় হতে হবে, যাতে কোনো কিছু সৃষ্টি করতে সমর্থ হওয়া যায় সেজন্য জীবন্ত, শূন্য থেকে সমগ্র মহাবিশ্বকে অস্তিত্বে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় অসীম ক্ষমতার অধিকারী এবং জগতকে আমরা যেমন সুপরিকল্পিত দেখি তেমন করার জন্য জ্ঞানময় হওয়া আবশ্যক। আবারও, সাদিয়া জোর দিয়ে বলেন যে এই সবকিছুই কেবল যুক্তির দ্বারাই অনুধাবন করা যায়, যদিও কিতাবের প্রমাণাদি দ্বারাও এটি সমর্থিত। তবে তিনি এখানে তাঁর মুতাজিলা মনোভাবও প্রদর্শন করছেন। সাদিয়া তাঁদের সাথে একমত যে, আল্লাহর ওপর অসংখ্য বৈশিষ্ট্য আরোপ করা তাঁর একত্ববাদকে ক্ষুণ্ণ করবে। তিনি বহুবার বলেছেন যে, যে কেউ আল্লাহর ওপর ইতিবাচক বৈশিষ্ট্যসমূহ প্রয়োগ করে, সে প্রকৃতপক্ষে তাঁকে একটি দেহে পর্যবসিত করে।

কিন্তু সাদিয়া কি এইমাত্র আমাদের বলেননি যে আল্লাহর অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে অন্তত ক্ষমতা, জ্ঞান এবং জীবন অন্তর্ভুক্ত? প্রকৃতপক্ষে তাই, তবে তিনি জোর দিয়ে বলেন যে এই তিনটি খোদায়ী গুণের মধ্যে যে আপাত পার্থক্য দেখা যায় তা একটি বিভ্রম। যদিও আমাদের কাছে মনে হয় যে আল্লাহর ক্ষমতা তাঁর জ্ঞান এবং তাঁর জীবনের সাথে এক হতে পারে না, তা আসলে কেবল আমাদের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির লক্ষণ। আল্লাহর ক্ষেত্রে, এই তিনটিই অভিন্ন। সাদিয়া এমনকি এমনটিও ইঙ্গিত দেন যে, মূলত আমাদের ভাষার সীমাবদ্ধতাই এই সমস্যার সৃষ্টি করে। যদি আমাদের কাছে এমন একটি শব্দ থাকত যা দ্বারা কোনো কিছুর জীবন্ত, ক্ষমতাশালী এবং জ্ঞানময় হওয়াকে একসাথে বোঝানো যেত, তবে আমরা আল্লাহর বর্ণনায় সেটি ব্যবহার করতে পারতাম এবং সেখানে কোনো বহুত্বের আভাস থাকত না। এটি শুনতে কিছুটা সন্দেহজনক চিন্তাধারা মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে সাদিয়া আল্লাহর এই তিনটি বৈশিষ্ট্যের কথা কেবল এই ভিত্তিতে দাবি করেন যে তিনি বিশ্ব সৃষ্টি করেছেন; আল্লাহ বা তাঁর গুণাবলী সম্পর্কে জানার আমাদের আর অন্য কোনো উপায় নেই। যুক্তির স্তরে, আমরা কেবল আল্লাহকে একজন স্রষ্টা হিসেবেই উপলব্ধি করি। যখনই আমরা শব্দের মাধ্যমে এর অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করি তখনই আমরা বিপদে পড়ি, কারণ আমাদের ভাষা আমাদের তাঁকে তিনটি দিক দিয়ে বর্ণনা করতে বাধ্য করে, যা তাঁর একত্বকে ক্ষুণ্ণ করে।

আপনি হয়তো এখানে একটি প্রচ্ছন্ন খ্রিষ্টান-বিরোধী আলোচ্যসূচির সন্দেহ করছেন, আর যদি তাই হয়, তবে আপনি সঠিক। আল-কিন্দি যেভাবে করেছিলেন অনেকটা সেভাবেই সাদিয়া ত্রিত্ববাদী ধর্মতত্ত্বের সমালোচনা করেন, তবে খ্রিষ্টানরা কোথায় পথভ্রষ্ট হয়েছে সে সম্পর্কে তিনি একটি ব্যাখ্যা যোগ করেন। এমনকি অপেক্ষাকৃত উন্নত চিন্তার খ্রিষ্টানদের প্রতি তাঁকে সহানুভূতিশীল মনে হয়। তারা আল্লাহকে ত্রিত্ব হিসেবে বুঝেছে কারণ তারা তাঁকে স্থূলভাবে কোনো দেহ মনে করে তা নয়, বরং তারা এই প্রয়োজনীয়তাটি উপলব্ধি করেছে যে একজন স্রষ্টা আছেন যিনি জীবন্ত, শক্তিশালী এবং জ্ঞানময়। তাদের ভুলটি হলো এই গুণাবলির প্রত্যেকটিকে একজন পৃথক খোদায়ী সত্তার ওপর ন্যস্ত করে আল্লাহর মাঝে প্রকৃত ত্রিত্বের অনুমান করা। সাদিয়া স্বীকার করেন যে এটি একটি সহজ ভুল হতে পারে, তবুও এটি একটি ভুলই। তিনি সহায়কভাবে তাদের কাছে তুলে ধরেন যে আল্লাহর মাঝে যদি কোনো প্রকার বহুত্ব থাকত, তবে তিনি একটি দেহ হতেন, যা এই উন্নত চিন্তার খ্রিষ্টানরা সঙ্গত কারণেই প্রত্যাখ্যান করে। এটি আবারও দেখায় যে, সাদিয়ার কাছে সৃষ্ট, সীমাবদ্ধ, বহুত্বপূর্ণ বৈশিষ্ট্যমন্ডিত জাগতিক বস্তুসমূহ এবং স্রষ্টার মাঝে একটি পরম পার্থক্য বিদ্যমান, যিনি চিরন্তন, নিরাকার এবং পরম এক।

এতক্ষণে এটি স্পষ্ট হওয়া উচিত যে কেন মানুষ সাআদিয়াকে মুতাজিলা মতবাদের সাথে এত দৃঢ়ভাবে যুক্ত করে। আল্লাহর গুণাবলির আপাত বৈচিত্র্য সত্ত্বেও তাঁর ঐশ্বরিক একত্বের ওপর জোর প্রদান আবু আল-হুদায়েলের মতো চিন্তাবিদদের কথা মনে করিয়ে দেয়। মানবীয় কর্মের বিষয়ে তাঁর মন্তব্যগুলোও মুতাজিলাদের কথা স্মরণ করিয়ে দেয়। সাআদিয়ার মতে, আমাদের কৃতকর্মের জন্য আমাদের নৈতিকভাবে দায়ী হতে হলে আল্লাহকে অবশ্যই আমাদের কর্মের ওপর স্বাধীনতা দিতে হবে। মুতাজিলা পরিভাষা ব্যবহার করে তিনি মন্তব্য করেন যে, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করার এবং যা নিষেধ করেছেন তা পরিহার করার ক্ষমতা মানুষকে প্রদান করা আল্লাহর ন্যায়বিচারের অন্তর্ভুক্ত। সাআদিয়া আল্লাহর পূর্বজ্ঞান সংক্রান্ত সমস্যার একটি আলোচনাও যুক্ত করেছেন, যা অগাস্টিন ও বোয়েথিয়াসের পরবর্তী প্রাচীন আলোচনাগুলোর সাথে পরিচিত। এই বিষয়ে সাআদিয়ার মন্তব্যের সারমর্ম হলো, আমি কোনো কাজ করার আগেই আল্লাহ তা জানেন সত্য, কিন্তু তাঁর জ্ঞান প্রকৃতপক্ষে আমাকে সেই কাজটি করতে বাধ্য করে না। বরং, আমি দীর্ঘ চিন্তাভাবনার ভিত্তিতে কাজ করতে পারি এবং আল্লাহ আগে থেকে যা জানেন তা হলো সেই সিদ্ধান্ত যা আমি শেষ পর্যন্ত আমার নিজস্ব ইচ্ছাশক্তি ব্যবহার করে গ্রহণ করব।

সাআদিয়া তাঁর বুক অব ডকট্রিনস অ্যান্ড বিলিফস-এর এই অংশগুলোতে মুতাজিলাদের থেকে এত বেশি গ্রহণ করেছেন যে, কেউ প্রায় ভুলেই যেতে পারে যে সে একজন ইহুদি লেখকের লেখা পড়ছে, যদি না তিনি তাঁর দার্শনিক দাবিগুলোর সমর্থনে বাইবেলের উদ্ধৃতিগুলো প্রতিনিয়ত প্রদান করতেন। এমনকি তাঁর লেখার শৈলীও একজন কালাম (তত্ত্ববিদ্যা) লেখকের চিরাচরিত শৈলী। তিনি প্রায়শই একটি নির্দিষ্ট বিষয়ের ওপর সম্ভাব্য সকল অবস্থান তালিকাভুক্ত করার মাধ্যমে অগ্রসর হন এবং তারপর পাণ্ডিত্যপূর্ণভাবে প্রতিটি ভুল অবস্থানকে কীভাবে খণ্ডন করা যায় তা বিস্তারিতভাবে বর্ণনা করেন। এই গ্রন্থটি পাঠ করলে আপনি দেখবেন তিনি জগত সৃষ্টি সম্পর্কে প্লেটোর ধারণাগুলো বর্ণনা করছেন এবং তারপর দাবি করছেন যে প্লেটোকে অন্তত বারোটি উপায়ে খণ্ডন করা যেতে পারে, যার সবগুলো সাআদিয়া অত্যন্ত আগ্রহের সাথে ব্যাখ্যা করবেন। লেখার এই দ্বান্দ্বিক শৈলী, যেখানে অন্য সকল তত্ত্ব খণ্ডন করার মাধ্যমে অগ্রসর হয়ে পরিশেষে সত্যটিকে সুপ্রতিষ্ঠিত করা হয়, তা আগামী কয়েক শতাব্দী ধরে কালাম সাহিত্যের একটি বৈশিষ্ট্য হয়ে থাকবে। তাসত্ত্বেও, কালাম থেকে তাঁর এত কিছু গ্রহণ করা সত্ত্বেও, সাআদিয়া বিভিন্ন বিষয়ে মুসলিম ধর্মতাত্ত্বিকদের থেকে ব্যাপকভাবে ভিন্নমত পোষণ করেন। উদাহরণস্বরূপ, মুসলমানরা বিশ্বাস করতেন যে কুরআনের আইনের কিছু বিধান রহিত (মানসুখ) হয়েছে, যার অর্থ হলো পরবর্তী কোনো ওহীর মাধ্যমে সেগুলো কার্যকরভাবে বাতিল করা হয়েছে। কিছু ইহুদিও রহিতকরণের সম্ভাবনা গ্রহণ করেছিলেন, কিন্তু সাআদিয়া দৃঢ়ভাবে এটি অস্বীকার করেন এবং জোর দিয়ে বলেন যে আল্লাহর আইন কখনোই উল্টে দেওয়া যায় না। কেউ ভাবতে পারেন যে এটি কেবল যুক্তির খাতিরেই বলা হয়েছে, আক্ষরিক অর্থে, যেহেতু যুক্তি এবং আল্লাহর বিধানগুলো পূর্ণ সংগতিপূর্ণ। যদি আইন এবং যুক্তির সিদ্ধান্তগুলো সর্বদা একমত হয়, তবে মনে হয় যে তাঁর আইন পরিবর্তন করতে হলে আল্লাহকে যুক্তির বিরুদ্ধে যেতে হবে।

তবে বিষয়টি এর চেয়ে কিছুটা জটিল, কারণ প্রকৃতপক্ষে আল্লাহর সকল আদেশ আমাদের যুক্তির মাধ্যমে আবিষ্কৃত বিষয়ের সাথে মিলে যায় না। সাআদিয়া মনে করেন যে ইহুদি আইনের অনেকটা অংশই যুক্তি যা নির্ধারণ করতে পারে তাকে কেবল সমর্থন করে। কিন্তু আইনের একটি সম্পূর্ণ শ্রেণি রয়েছে, যা যুক্তির অগম্য ছিল, সেগুলো ইহুদি জাতির ওপর অতিরিক্ত হিসেবে অর্পণ করা হয়েছে। এর পেছনে আল্লাহর উদ্দেশ্য হলো আমাদের সুখ বৃদ্ধি করা। পবিত্রতা সংক্রান্ত আইনগুলো আপাতদৃষ্টিতে খেয়ালখুশিমতো মনে হতে পারে, কিন্তু সেগুলো আমাদের নিজেদের শরীর নিয়ে কম চিন্তা করতে এবং আল্লাহর প্রতি মনোনিবেশ করতে উৎসাহিত করেন। একইভাবে, সপ্তাহের একটি দিনকে সাবাথ (বিশ্রামবার) হিসেবে পালন করার বিধান আমাদের শ্রম থেকে বিরতি দিয়ে সাহায্য করে এবং আমাদের স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ইবাদত করতে উদ্বুদ্ধ করে। অন্যান্য বিধানগুলো বিবেচনাবোধের (আকল) সাধারণ নিয়মের ক্ষেত্রে অতিরিক্ত সুনির্দিষ্টতা প্রদান করে। আকল আমাদের বলে যে, একজন পুরুষ ও একজন নারীর একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত এবং চুরি করা অন্যায়; কিন্তু কেবল আকল দ্বারা এটি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা সম্ভব নয় যে, কীভাবে একটি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা উচিত, অথবা কোনো কিছু কখন সুনির্দিষ্টভাবে একজনের সম্পদ হিসেবে গণ্য হবে যাতে অন্য কেউ তা গ্রহণ করলে তা চুরি বলে বিবেচিত হয়। সাদিয়া এখানে যা বলছেন তা কিছুটা কাণ্ডজ্ঞানসম্মত। চিন্তা করে দেখুন, ব্রিটিশরা বাম দিক দিয়ে গাড়ি চালায়, যেখানে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের মানুষ ডান দিক দিয়ে গাড়ি চালায়। এটি স্পষ্ট যে গাড়ি চালানোর জন্য আপনাকে যেকোনো একটি দিক বেছে নিতে হবে, কিন্তু আপনি কোন দিকটি বেছে নেবেন তা একটি ইচ্ছাধীন বিষয়। আইন প্রণয়নের ক্ষেত্রে এই ইচ্ছাধীন সুনির্দিষ্টকরণের প্রয়োজনীয়তা আসমানি কিতাবের জন্য এমন সব বিধান প্রদানের অবকাশ তৈরি করে দেয় যা কেবল বুদ্ধি বা আকল দ্বারা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হতো না। অবশ্যই, একজন রব্বিনীয় ইহুদি হিসেবে সাদিয়া এই মর্যাদা মিশনাহ এবং তালমুদে সংরক্ষিত আইনি সিদ্ধান্তগুলোকেও প্রদান করবেন।

এভাবেই সাদিয়াও স্বীকার করেন যে, আকল বা বিবেচনাবোধের সীমাবদ্ধতা রয়েছে। মানুষকে আকল বা বুদ্ধিবৃত্তিক শক্তি প্রদানের মাধ্যমে আল্লাহ আমাদের এমন একটি উপকরণ দিয়েছেন যার সাহায্যে আমরা আমাদের প্রয়োজনীয় অধিকাংশ বিষয়ই আবিষ্কার করতে পারি। কিন্তু আল্লাহ তার চেয়েও অগ্রসর হন এবং এমন সব আদেশ ও বিধান ওহীর মাধ্যমে প্রকাশ করেন যা আমরা অন্যথায় জানতে পারতাম না। যদিও সাদিয়া ইহুদি বিধান সম্পর্কে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তবে এই আলোচনার মূলসুর ইসলাম এবং খ্রিস্টধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। এই তিন ধর্মের দার্শনিকগণ সাধারণত আকল এবং এর মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ সত্যগুলো আবিষ্কার করার ক্ষমতা সম্পর্কে অত্যন্ত আশাবাদী ছিলেন। মূলত এটাই তাদের দার্শনিক করে তুলেছিল। কিন্তু তাদের মধ্যে অনেকেই সচেতনভাবে এমন সীমানা নির্ধারণ করেছিলেন যা আকল অতিক্রম করতে পারে না, অন্তত ওহীর সাহায্য ছাড়া। যদিও মধ্যযুগীয় দার্শনিকদের মধ্যে এটিই ছিল সবচেয়ে সাধারণ অবস্থান, তবুও কেউ কেউ এর চেয়েও বেশি যুক্তিবাদী ছিলেন। শীঘ্রই আমরা একজন বিখ্যাত উদাহরণে পৌঁছাব, তিনি হলেন মুসলিম চিন্তাবিদ আল-ফারাবি; যিনি ধর্মকে দর্শন দ্বারা আবিষ্কৃত সত্যের একটি সহজবোধ্য সংস্করণ ছাড়া আর কিছুই মনে করতেন না। তার আলোচনায় যাওয়ার আগে আমরা এমন একজন চিন্তাবিদকে দেখব যিনি বর্তমানে ততটা প্রসিদ্ধ নন, কিন্তু নিজ সময়ে বেশ বিতর্কিত ছিলেন।