সূচিপত্র ও সংক্ষিপ্ত পরিচিতি
সূচিপত্র ও সংক্ষিপ্ত পরিচিতি
ক্ষমতার আটচল্লিশটি সূত্র
সূত্র এক: কখনোই মনিবকে ছাপিয়ে যাবেন না।
যাঁরা আপনার ওপরে আছেন, তাঁদের সব সময় অনায়াসে শ্রেষ্ঠত্বের অনুভূতি দিন। তাঁদের খুশি করতে বা মুগ্ধ করতে গিয়ে নিজের প্রতিভা প্রদর্শনে কখনোই বাড়াবাড়ি করবেন না, নইলে ফল হতে পারে ঠিক উল্টো, তাঁদের মনে ভয় আর নিরাপত্তাহীনতা জেগে উঠতে পারে। আপনার মনিবদের তাঁদের প্রকৃত সামর্থ্যের চেয়েও বেশি মেধাবী ও উজ্জ্বল হিসেবে তুলে ধরুন, তাহলেই আপনি ক্ষমতার শীর্ষে পৌঁছাতে পারবেন।
সূত্র দুই: বন্ধুদের ওপর কখনোই অতিরিক্ত ভরসা করবেন না, বরং শত্রুদের কাজে লাগানো শিখুন।
বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকুন, কারণ তাঁরা অনেক দ্রুত আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন, তাঁদের মনে ঈর্ষা খুব সহজেই জেগে ওঠে। তাঁরা প্রশ্রয় পেয়ে বেপরোয়া ও স্বেচ্ছাচারীও হয়ে ওঠেন। কিন্তু একজন পুরোনো শত্রুকে কাজে নিযুক্ত করুন, দেখবেন সে বন্ধুর চেয়েও বেশি অনুগত থাকবে, কারণ নিজেকে প্রমাণ করার তাগিদ তার অনেক বেশি। আসলে শত্রুদের চেয়ে বন্ধুদের নিয়েই আপনার ভয়ের কারণ বেশি। আর যদি আপনার কোনো শত্রু না থাকে, তবে শত্রু বানিয়ে নেওয়ার উপায় খুঁজে বের করুন।
সূত্র তিন: আপনার উদ্দেশ্য গোপন রাখুন।
আপনার প্রতিটি কাজের পেছনের আসল উদ্দেশ্য কখনো প্রকাশ না করে মানুষকে ভারসাম্যহীন ও অন্ধকারে রাখুন। আপনি আসলে কী করতে চাইছেন তার কোনো আভাস না পেলে তারা কোনো প্রতিরোধ গড়ার সুযোগই পাবে না। তাদের ভুল পথে অনেক দূর পর্যন্ত চালিয়ে নিয়ে যান, বিভ্রান্তির ঘন ধোঁয়ায় ঢেকে দিন, আর তারা যখন আপনার আসল উদ্দেশ্য বুঝতে পারবে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে।
সূত্র চার: প্রয়োজনের চেয়ে সব সময় কম কথা বলুন।
আপনি যখন কথায় মানুষকে মুগ্ধ করতে চান, তখন যত বেশি কথা বলবেন, আপনাকে ততই সাধারণ মনে হবে এবং পরিস্থিতির ওপর আপনার নিয়ন্ত্রণ ততই কম বলে মনে হবে। আপনি যদি একেবারে মামুলি কোনো কথাও বলেন, তবু সেটি অস্পষ্ট, উন্মুক্ত ও রহস্যময় করে বললে তা মৌলিক ও গভীর বলে মনে হবে। ক্ষমতাশালী মানুষ কম কথা বলেই অন্যকে মুগ্ধ ও ভীত করে তোলেন। আপনি যত বেশি কথা বলবেন, বোকামিপূর্ণ কিছু বলে ফেলার আশঙ্কাও ততই বাড়বে।
সূত্র পাঁচ: সুনামের ওপর অনেক কিছুই নির্ভর করে, প্রাণ দিয়ে তা রক্ষা করুন।
সুনাম হলো ক্ষমতার মূল ভিত্তি। কেবল সুনামের জোরেই আপনি অন্যকে ভীত করতে এবং জয়ী হতে পারেন। কিন্তু একবার সেই সুনাম ক্ষুণ্ণ হলে আপনি অরক্ষিত হয়ে পড়বেন এবং চারদিক থেকে আক্রমণের শিকার হবেন। আপনার সুনামকে দুর্ভেদ্য করে তুলুন। সম্ভাব্য যেকোনো আক্রমণের ব্যাপারে সব সময় সতর্ক থাকুন এবং তা ঘটার আগেই নস্যাৎ করে দিন। পাশাপাশি, শত্রুদের সুনামে ফাটল ধরিয়ে তাদের ধ্বংস করার কৌশল শিখুন। তারপর একপাশে সরে দাঁড়ান এবং জনমতকেই তাদের ফাঁসিতে ঝোলাতে দিন।
সূত্র ছয়: যেকোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করুন।
সবকিছুই বিচার করা হয় তার বাহ্যিক রূপ দিয়ে, যা চোখে পড়ে না তার কোনো মূল্য নেই। তাই কখনোই ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন না কিংবা বিস্মৃতির আড়ালে চাপা পড়বেন না। আলাদা হয়ে উঠুন। যেকোনো মূল্যে মানুষের নজরে পড়ুন। সাধারণ, নিষ্প্রভ ও ভীরু জনতার চেয়ে নিজেকে আরও বড়, আরও রঙিন এবং আরও রহস্যময় হিসেবে উপস্থাপন করে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠুন।
সূত্র সাত: কাজ করিয়ে নিন অন্যদের দিয়ে, কিন্তু কৃতিত্ব সব সময় নিজেই নিন।
নিজের লক্ষ্য অর্জনের জন্য অন্য মানুষের প্রজ্ঞা, জ্ঞান এবং পরিশ্রমকে কাজে লাগান। এই সহযোগিতা কেবল আপনার মূল্যবান সময় ও শ্রমই বাঁচাবে না, বরং আপনার মধ্যে দক্ষতা ও দ্রুততার এক অলৌকিক আভা তৈরি করবে। দিনশেষে আপনার সহকারীরা বিস্মৃত হবে, আর মানুষ মনে রাখবে আপনাকেই। যে কাজ অন্যকে দিয়ে করানো সম্ভব, তা কখনোই নিজে করতে যাবেন না।
সূত্র আট: অন্যদের আপনার কাছে আসতে বাধ্য করুন, প্রয়োজনে টোপ ফেলুন।
আপনি যখন অন্যজনকে পদক্ষেপ নিতে বাধ্য করেন, তখন নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে। প্রতিপক্ষকে তার নিজের পরিকল্পনা ত্যাগ করে আপনার কাছে আসতে বাধ্য করাই সব সময় শ্রেয়। তাকে অবিশ্বাস্য লাভের প্রলোভন দেখিয়ে টোপ ফেলুন, আর তারপর আঘাত হানুন। খেলার সব তাস আপনার হাতেই থাকুক।
সূত্র নয়: তর্ক করে নয়, আপনার কাজের মাধ্যমে জয়ী হোন।
তর্কে জিতে আপনি যে ক্ষণস্থায়ী সাফল্য পেলেন বলে মনে করেন, তা আসলে এক আত্মঘাতী বিজয়। তর্কের ফলে অন্যের মনে যে ক্ষোভ ও বিদ্বেষ জন্মায়, তা যেকোনো ক্ষণিকের মতপরিবর্তনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয়। একটি কথাও না বলে কেবল নিজের কাজের মাধ্যমে অন্যকে আপনার সঙ্গে একমত করানো অনেক বেশি কার্যকর। ব্যাখ্যা করবেন না, করে দেখান।
সূত্র দশ: সংক্রমণ: অসুখী ও দুর্ভাগা মানুষদের এড়িয়ে চলুন।
অন্যের দুর্দশায় আপনার নিজেরও ধ্বংস হয়ে যেতে পারে, কারণ মানসিক অবস্থা রোগজীবাণুর মতোই সংক্রামক। আপনি হয়তো ভাবছেন ডুবন্ত মানুষটিকে সাহায্য করছেন, কিন্তু আসলে আপনি নিজের বিপর্যয়ই ডেকে আনছেন। দুর্ভাগা মানুষেরা অনেক সময় নিজেরাই নিজেদের দুর্ভাগ্য টেনে আনে, আর তারা সেই দুর্ভাগ্য আপনার ওপরও টেনে আনবে। তার চেয়ে বরং সুখী ও সৌভাগ্যবান মানুষদের সঙ্গ নিন।
সূত্র এগারো: মানুষকে আপনার ওপর নির্ভরশীল করে রাখা শিখুন।
নিজের স্বাধীনতা বজায় রাখতে হলে আপনাকে সব সময় মানুষের প্রয়োজন ও আকাঙ্ক্ষার বস্তু হয়ে থাকতে হবে। মানুষ আপনার ওপর যত বেশি নির্ভর করবে, আপনার স্বাধীনতাও তত বেশি থাকবে। মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য তাদের আপনার ওপর নির্ভরশীল করে তুলুন, তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না। তাদের কখনোই এতটা শেখাবেন না যে তারা আপনাকে ছাড়াই চলতে পারে।
সূত্র বারো: শত্রুকে নিরস্ত্র করতে বাছাই করা সততা ও উদারতা ব্যবহার করুন।
একটি আন্তরিক ও সৎ পদক্ষেপ আপনার ডজনখানেক অসততাকে ঢেকে দিতে পারে। খোলা মনের সততা ও উদারতার প্রকাশ সবচেয়ে সন্দেহপ্রবণ মানুষটিরও প্রতিরক্ষা ভেঙে দেয়। আপনার বাছাই করা সততা একবার তাদের বর্মে ছিদ্র তৈরি করলে, আপনি ইচ্ছেমতো তাদের প্রতারিত ও নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক সময়ে দেওয়া একটি উপহার, যেন এক ট্রোজান হর্স, একই কাজ করবে।
সূত্র তেরো: সাহায্য চাইতে গেলে মানুষের দয়া বা কৃতজ্ঞতার কাছে নয়, তাদের স্বার্থের কাছে আবেদন করুন।
আপনার যদি সাহায্যের জন্য কোনো মিত্রের দ্বারস্থ হতে হয়, তবে অতীতে আপনি তাকে কী উপকার ও ভালো কাজ করে দিয়েছেন তা মনে করিয়ে দেওয়ার কষ্ট করবেন না। সে আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো না কোনো পথ খুঁজে বের করবেই। এর বদলে আপনার অনুরোধের মধ্যে বা আপনার সঙ্গে তার মিত্রতার মধ্যে এমন কিছু খুঁজে বের করুন যা তার নিজের উপকারে আসবে, এবং সেটিকে অনেক বড় করে তুলে ধরুন। নিজের লাভের সুযোগ দেখলেই সে প্রবল উৎসাহে সাড়া দেবে।
সূত্র চৌদ্দ: বন্ধুর বেশ ধরুন, গুপ্তচরের মতো কাজ করুন।
আপনার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। মূল্যবান তথ্য সংগ্রহ করতে গুপ্তচর নিয়োগ করুন, যা আপনাকে সব সময় এক ধাপ এগিয়ে রাখবে। তার চেয়েও ভালো হয়, নিজেই গুপ্তচরের ভূমিকা পালন করুন। ভদ্র সামাজিক মেলামেশায় খবরাখবর বের করা শিখুন। পরোক্ষ প্রশ্ন করে মানুষের দুর্বলতা ও উদ্দেশ্য বের করে আনুন। এমন কোনো উপলক্ষ নেই যা নিপুণ গুপ্তচরবৃত্তির সুযোগ নয়।
সূত্র পনেরো: শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করুন।
হজরত মুসার সময় থেকেই সব মহান নেতা জেনে এসেছেন যে, ভয়ংকর শত্রুকে একেবারে নির্মূল করতে হয়। কখনো কখনো তাঁরা কঠিন মূল্য চুকিয়ে এটি শিখেছেন। একটিমাত্র জ্বলন্ত অঙ্গারও যদি বাকি থাকে, তা যত ক্ষীণভাবেই ধিকিধিকি জ্বলুক না কেন, একসময় তা থেকেই আবার দাবানল ছড়িয়ে পড়বে। সম্পূর্ণ ধ্বংস করার চেয়ে মাঝপথে থেমে গেলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। শত্রু আবার শক্তি সঞ্চয় করবে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তাকে কেবল শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও চূর্ণ করে দিন।
সূত্র ষোলো: শ্রদ্ধা ও সম্মান বাড়াতে অনুপস্থিতিকে কাজে লাগান।
অতিরিক্ত সহজলভ্যতা জিনিসের দাম কমিয়ে দেয়। মানুষ আপনাকে যত বেশি দেখবে ও শুনবে, আপনাকে ততই সাধারণ মনে হবে। আপনি যদি কোনো গোষ্ঠীতে ইতিমধ্যেই নিজের অবস্থান পাকা করে ফেলেন, তবে সেখান থেকে সাময়িক বিরতি নিলে আপনাকে নিয়ে আরও বেশি আলোচনা হবে, এমনকি আপনার প্রতি শ্রদ্ধাও বাড়বে। কখন সরে দাঁড়াতে হবে তা আপনাকে শিখতে হবে। দুর্লভ হয়ে ওঠার মাধ্যমে নিজের মূল্য তৈরি করুন।
সূত্র সতেরো: অন্যদের অজানা আতঙ্কে রাখুন: অনিশ্চয়তার এক আবহ তৈরি করুন।
মানুষ অভ্যাসের দাস, অন্যের কাজের মধ্যে পরিচিত ছন্দ খুঁজে পাওয়ার এক অতৃপ্ত বাসনা তাদের মধ্যে কাজ করে। আপনার আচরণ সহজে অনুমান করা গেলে তা অন্যদের নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। পাশা উল্টে দিন, সচেতনভাবেই অপ্রত্যাশিত আচরণ করুন। যে আচরণের কোনো ধারাবাহিকতা বা নির্দিষ্ট উদ্দেশ্য বোঝা যায় না, তা তাদের ভারসাম্যহীন করে রাখবে, আর আপনার চাল ব্যাখ্যা করতে গিয়েই তারা ক্লান্ত হয়ে পড়বে। চরম পর্যায়ে নিয়ে গেলে এই কৌশল মানুষকে ভীত ও সন্ত্রস্ত করে তুলতে পারে।
সূত্র আঠারো: নিজেকে রক্ষার জন্য দুর্গ গড়বেন না, বিচ্ছিন্নতা বিপজ্জনক।
পৃথিবী বিপজ্জনক এবং চারদিকেই শত্রু ছড়িয়ে আছে, তাই প্রত্যেককেই নিজেকে রক্ষা করতে হয়। একটি দুর্গকে সবচেয়ে নিরাপদ মনে হতে পারে। কিন্তু বিচ্ছিন্নতা আপনাকে যতটা রক্ষা করে, তার চেয়ে অনেক বেশি বিপদের মুখে ঠেলে দেয়। এটি আপনাকে মূল্যবান তথ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলে, আপনাকে সবার নজরে স্পষ্ট করে তোলে এবং সহজ লক্ষ্যে পরিণত করে। তার চেয়ে মানুষের মধ্যে মিশে যাওয়া, মিত্র খুঁজে নেওয়া এবং সবার সঙ্গে মেলামেশা করাই শ্রেয়। ভিড়ই আপনাকে আপনার শত্রুদের হাত থেকে আড়াল করে রাখবে।
সূত্র উনিশ: আপনি কার সঙ্গে লেনদেন করছেন তা জানুন, ভুল মানুষকে কখনোই অপমান করবেন না।
পৃথিবীতে নানা ধরনের মানুষ আছে, আর আপনি কখনোই ধরে নিতে পারেন না যে সবাই আপনার কৌশলের বিপরীতে একইভাবে প্রতিক্রিয়া দেখাবে। কিছু মানুষকে প্রতারিত বা পরাস্ত করলে তারা বাকি জীবন আপনার ওপর প্রতিশোধ নেওয়ার পেছনেই কাটিয়ে দেবে। এরা হলো ভেড়ার ছদ্মবেশে নেকড়ে। তাই আপনার শিকার ও প্রতিপক্ষ খুব সাবধানে বাছাই করুন, কখনোই ভুল মানুষকে অপমান বা প্রতারিত করবেন না।
সূত্র বিশ: কারও প্রতি স্থায়ীভাবে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না।
একমাত্র বোকাই সব সময় তাড়াহুড়ো করে কোনো না কোনো পক্ষ নিয়ে নেয়। নিজেকে ছাড়া অন্য কোনো পক্ষ বা আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। নিজের স্বাধীনতা বজায় রেখেই আপনি অন্যদের নিয়ন্ত্রক হয়ে উঠবেন, এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে খেলিয়ে যাবেন এবং তাদের সবাইকে আপনার পেছনে ছুটতে বাধ্য করবেন।
সূত্র একুশ: বোকাকে ফাঁদে ফেলতে নিজে বোকার ভান করুন, আপনার শিকারের চেয়ে নিজেকে কম বুদ্ধিমান দেখান।
কেউই পাশের মানুষটির চেয়ে নিজেকে কম বুদ্ধিমান ভাবতে পছন্দ করে না। তাই আসল কৌশল হলো, আপনার শিকারকে বুদ্ধিমান অনুভব করানো, আর কেবল বুদ্ধিমানই নয়, বরং আপনার চেয়েও বেশি বুদ্ধিমান বলে বিশ্বাস করানো। একবার তারা এটি বিশ্বাস করে নিলে, আপনার যে কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে, তা তারা কখনোই সন্দেহ করবে না।
সূত্র বাইশ: আত্মসমর্পণের কৌশল ব্যবহার করুন: দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করুন।
আপনি যখন দুর্বল অবস্থানে থাকেন, তখন সম্মানের খাতিরে কখনোই লড়াই করবেন না, বরং আত্মসমর্পণ বেছে নিন। আত্মসমর্পণ আপনাকে ঘুরে দাঁড়ানোর সময় দেবে, আপনার বিজয়ীকে বিরক্ত ও যন্ত্রণা দেওয়ার সময় দেবে এবং তার ক্ষমতা ক্ষয় হওয়ার অপেক্ষা করার সুযোগ দেবে। আপনার সঙ্গে লড়াই করে আপনাকে পরাজিত করার তৃপ্তি তাকে দেবেন না, তার আগেই আত্মসমর্পণ করুন। অন্য গাল বাড়িয়ে দিয়ে আপনি তাকে ক্ষিপ্ত ও অস্থির করে তুলবেন। আত্মসমর্পণকে ক্ষমতার হাতিয়ার বানিয়ে নিন।
সূত্র তেইশ: আপনার শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত করুন।
আপনার সামর্থ্য ও শক্তিকে সবচেয়ে শক্তিশালী বিন্দুতে কেন্দ্রীভূত রেখে তা সংরক্ষণ করুন। এক অগভীর খনি থেকে আরেক অগভীর খনিতে ছুটে বেড়ানোর চেয়ে একটি সমৃদ্ধ খনি খুঁজে বের করে তা আরও গভীরে খনন করলেই আপনার লাভ বেশি। তীব্রতা সব সময়ই বিস্তৃতিকে পরাজিত করে। নিজেকে ওপরে তোলার জন্য ক্ষমতার উৎস খুঁজতে গেলে এমন একজন প্রধান পৃষ্ঠপোষক খুঁজে নিন, সেই হৃষ্টপুষ্ট গাভি, যে আপনাকে দীর্ঘকাল ধরে দুধ দিয়ে যাবে।
সূত্র চব্বিশ: নিখুঁত দরবারির ভূমিকা পালন করুন।
নিখুঁত দরবারি এমন এক জগতে উন্নতি করে, যেখানে সবকিছুই ক্ষমতা ও রাজনৈতিক কূটকৌশলকে কেন্দ্র করে আবর্তিত হয়। সে পরোক্ষতার শিল্পে পারদর্শী, সে তোষামোদ করে, ঊর্ধ্বতনদের কাছে নতি স্বীকার করে এবং অত্যন্ত সূক্ষ্ম ও মার্জিত ভঙ্গিতে অন্যদের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। দরবারি আচরণের নিয়মগুলো শিখুন ও প্রয়োগ করুন, তাহলে দরবারে আপনার উত্থানের কোনো সীমা থাকবে না।
সূত্র পঁচিশ: নিজেকে নতুন করে গড়ে তুলুন।
সমাজ আপনার ওপর যে ভূমিকাগুলো চাপিয়ে দেয়, সেগুলো মেনে নেবেন না। এমন এক নতুন পরিচয় তৈরি করে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন, যা সবার মনোযোগ আকর্ষণ করে এবং দর্শকদের কখনোই একঘেয়ে করে তোলে না। অন্যদের হাতে আপনার ভাবমূর্তি গড়ার দায়িত্ব ছেড়ে না দিয়ে নিজেই নিজের ভাবমূর্তির নিয়ন্ত্রক হোন। আপনার প্রকাশ্য ভঙ্গি ও কাজে নাটকীয় উপাদান যুক্ত করুন, এতে আপনার ক্ষমতা বাড়বে এবং আপনার চরিত্র সাধারণের চেয়ে অনেক বড় বলে মনে হবে।
সূত্র ছাব্বিশ: আপনার হাত পরিচ্ছন্ন রাখুন।
আপনাকে অবশ্যই ভদ্রতা ও দক্ষতার এক আদর্শ প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরতে হবে। ভুল আর নোংরা কাজের কালি যেন কখনোই আপনার হাতে না লাগে। আপনার সম্পৃক্ততা আড়াল করতে অন্যদের বলির পাঁঠা ও হাতের পুতুল হিসেবে ব্যবহার করে নিজের এমন নিষ্কলঙ্ক ভাবমূর্তি বজায় রাখুন।
সূত্র সাতাশ: মানুষের বিশ্বাস করার তাগিদকে কাজে লাগিয়ে একনিষ্ঠ অনুসারী দল তৈরি করুন।
মানুষের মধ্যে কোনো না কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করার এক অদম্য বাসনা কাজ করে। তাদের সামনে একটি আদর্শ ও অনুসরণের জন্য একটি নতুন বিশ্বাস তুলে ধরে সেই বাসনার কেন্দ্রবিন্দু হয়ে উঠুন। আপনার কথা অস্পষ্ট রাখুন, কিন্তু প্রতিশ্রুতিতে ভরপুর করে তুলুন। যুক্তি ও স্বচ্ছ চিন্তার চেয়ে উন্মাদনাকে বেশি গুরুত্ব দিন। আপনার নতুন শিষ্যদের পালনের জন্য নানা আচার অনুষ্ঠান দিন এবং আপনার জন্য ত্যাগ স্বীকার করতে বলুন। প্রাতিষ্ঠানিক ধর্ম ও মহৎ আদর্শের অনুপস্থিতিতে আপনার নতুন বিশ্বাসব্যবস্থা আপনাকে অপরিমেয় ক্ষমতা এনে দেবে।
সূত্র আটাশ: সাহসের সঙ্গে কাজে নামুন।
কোনো পদক্ষেপের ব্যাপারে আপনার যদি সংশয় থাকে, তবে তা করতে যাবেন না। আপনার সন্দেহ ও দ্বিধা আপনার কাজের প্রয়োগকে সংক্রমিত করবে। ভীরুতা বিপজ্জনক, তার চেয়ে সাহস নিয়ে এগোনোই শ্রেয়। দুঃসাহসের কারণে আপনি যেকোনো ভুল করলে তা আরও বড় দুঃসাহস দিয়েই সহজে সংশোধন করা যায়। সবাই সাহসীদের প্রশংসা করে, ভীরুদের কেউ সম্মান করে না।
সূত্র উনত্রিশ: একেবারে শেষ পর্যন্ত পরিকল্পনা করুন।
পরিণতিই সবকিছু। একেবারে শেষ পর্যন্ত পরিকল্পনা করুন এবং এমন সব সম্ভাব্য ফলাফল, বাধা ও ভাগ্যের মোড় বিবেচনায় রাখুন, যা আপনার কঠোর পরিশ্রমকে উল্টে দিয়ে অন্যের হাতে গৌরব তুলে দিতে পারে। শেষ পর্যন্ত পরিকল্পনা করে রাখলে আপনি পরিস্থিতির চাপে দিশেহারা হবেন না এবং কখন থামতে হবে তা বুঝতে পারবেন। অনেক দূর পর্যন্ত চিন্তা করে ভাগ্যকে ধীরে ধীরে নিজের দিকে পরিচালিত করুন এবং ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখুন।
সূত্র ত্রিশ: আপনার অর্জনগুলোকে অনায়াস বলে মনে করান।
আপনার কাজগুলোকে স্বাভাবিক এবং কোনো কষ্ট ছাড়াই সম্পন্ন হয়েছে বলে মনে হতে হবে। এর পেছনে যত পরিশ্রম, অনুশীলন এবং চতুর কৌশল আছে, তার সবকিছুই গোপন রাখতে হবে। আপনি যখন কোনো কাজ করবেন, তা এতটাই অনায়াসে করুন যেন আপনি এর চেয়েও অনেক বেশি কিছু করতে পারেন। আপনি কতটা কঠোর পরিশ্রম করেন তা প্রকাশ করার প্রলোভন এড়িয়ে চলুন, কারণ এতে মানুষের মনে শুধু প্রশ্নই জাগে। আপনার কৌশল কাউকে শেখাবেন না, নইলে সেগুলো আপনার বিরুদ্ধেই ব্যবহৃত হবে।
সূত্র একত্রিশ: বিকল্পগুলো নিয়ন্ত্রণ করুন: আপনার বিলি করা তাস দিয়েই অন্যদের খেলতে বাধ্য করুন।
সর্বোত্তম প্রতারণা হলো সেগুলোই, যেগুলোতে মনে হয় আপনি অন্যজনকে পছন্দের স্বাধীনতা দিচ্ছেন। আপনার শিকার মনে করে নিয়ন্ত্রণ তার হাতেই, অথচ বাস্তবে সে আপনার হাতের পুতুল। মানুষকে এমন সব বিকল্প দিন, যার মধ্যে যেটিই তারা বেছে নিক না কেন, ফলাফল আপনার পক্ষেই যায়। তাদের দুটি মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দটি বেছে নিতে বাধ্য করুন, যেগুলোর দুটিই আপনার উদ্দেশ্য পূরণ করে। তাদের এমন উভয়সংকটে ফেলুন যেন যেদিকেই তারা ফিরুক, ধরা পড়ে যায়।
সূত্র বত্রিশ: মানুষের কল্পনাবিলাসকে কাজে লাগান।
সত্যকে মানুষ প্রায়ই এড়িয়ে চলে, কারণ তা কুৎসিত ও অপ্রীতিকর। মোহভঙ্গ থেকে যে ক্ষোভ জন্মায় তা মোকাবিলা করার প্রস্তুতি না থাকলে কখনোই সত্য ও বাস্তবতার দোহাই দেবেন না। জীবন এতটাই রূঢ় ও পীড়াদায়ক যে, যাঁরা রোমাঞ্চ তৈরি করতে বা কল্পনার জাল বুনতে পারেন, তাঁরা মরুভূমির মরূদ্যানের মতো, সবাই তাঁদের কাছে ছুটে আসে। সাধারণ মানুষের কল্পনাবিলাসকে কাজে লাগানোর মধ্যে বিরাট ক্ষমতা নিহিত আছে।
সূত্র তেত্রিশ: প্রতিটি মানুষের দুর্বল জায়গা খুঁজে বের করুন।
প্রতিটি মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, দুর্গের দেয়ালে থাকে কোনো না কোনো ফাঁক। সেই দুর্বলতা সাধারণত কোনো নিরাপত্তাহীনতা, অনিয়ন্ত্রিত আবেগ বা তীব্র চাহিদা হয়ে থাকে। এটি কোনো ছোট্ট গোপন আনন্দও হতে পারে। যা ই হোক না কেন, একবার এটি খুঁজে পেলে তা এমন এক চাপের বিন্দু হয়ে ওঠে, যা আপনি নিজের সুবিধামতো ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন।
সূত্র চৌত্রিশ: নিজের ধরনে রাজকীয় হোন: রাজার মতো সম্মান পেতে হলে রাজার মতো আচরণ করুন।
আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করেন, প্রায়ই তা ই নির্ধারণ করে দেয় মানুষ আপনার সঙ্গে কেমন আচরণ করবে। দীর্ঘমেয়াদে স্থূল বা সাধারণ আচরণ করলে মানুষ আপনার প্রতি শ্রদ্ধা হারাবে। কারণ একজন রাজা নিজেকে সম্মান করেন এবং অন্যদের মধ্যেও সেই একই অনুভূতি জাগিয়ে তোলেন। রাজকীয় ভঙ্গি ও নিজের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী আচরণের মাধ্যমে নিজেকে এমনভাবে তুলে ধরুন যেন মুকুট পরাই আপনার নিয়তি।
সূত্র পঁয়ত্রিশ: সময়জ্ঞানের শিল্প আয়ত্ত করুন।
কখনোই তাড়াহুড়োয় আছেন বলে মনে করাবেন না, কারণ তাড়াহুড়ো নিজের ওপর এবং সময়ের ওপর নিয়ন্ত্রণের অভাব প্রকাশ করে। সব সময় ধৈর্যশীল থাকুন, যেন আপনি জানেন সবকিছুই অবশেষে আপনার হাতে এসে ধরা দেবে। সঠিক মুহূর্তের একজন গোয়েন্দা হয়ে উঠুন, সময়ের মেজাজ এবং সেই প্রবণতাগুলো আঁচ করতে শিখুন যা আপনাকে ক্ষমতার দিকে নিয়ে যাবে। সময় পরিপক্ব না হওয়া পর্যন্ত পেছনে সরে দাঁড়াতে শিখুন, আর যখন সময় পরিপূর্ণতা পাবে তখন তীব্রভাবে আঘাত হানুন।
সূত্র ছত্রিশ: যা আপনি পেতে পারবেন না তাকে তুচ্ছ করুন: উপেক্ষা করাই সর্বোত্তম প্রতিশোধ।
কোনো তুচ্ছ সমস্যাকে স্বীকৃতি দিলে আপনি সেটিকে অস্তিত্ব ও গ্রহণযোগ্যতা দান করেন। কোনো শত্রুকে আপনি যত বেশি গুরুত্ব দেবেন, তাকে তত বেশি শক্তিশালী করবেন। আর একটি ছোট ভুল ঠিক করতে গেলে প্রায়ই তা আরও বড় ও দৃশ্যমান হয়ে ওঠে। কখনো কখনো বিষয়গুলোকে নিজের মতো ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো। এমন কোনো জিনিস যদি থাকে যা আপনি চান কিন্তু পেতে পারেন না, তবে তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করুন। আপনি যত কম আগ্রহ দেখাবেন, আপনাকে তত বেশি শ্রেষ্ঠ বলে মনে হবে।
সূত্র সাঁইত্রিশ: চমকপ্রদ দৃশ্যপট তৈরি করুন।
চোখধাঁধানো চিত্রকল্প ও বিশাল প্রতীকী অঙ্গভঙ্গি ক্ষমতার এক আভা তৈরি করে, সবাই এতে সাড়া দেয়। তাই আপনার চারপাশের মানুষের জন্য এমন সব জাঁকজমকপূর্ণ প্রদর্শনী সাজান, যা আকর্ষণীয় দৃশ্য ও উজ্জ্বল প্রতীকে ভরপুর এবং আপনার উপস্থিতিকে আরও মহিমান্বিত করে তোলে। বাহ্যিক চাকচিক্যে মুগ্ধ হয়ে কেউ আর খেয়ালই করবে না আপনি আসলে কী করছেন।
সূত্র আটত্রিশ: নিজের মতো করে ভাবুন, কিন্তু আচরণ করুন অন্যদের মতো।
আপনি যদি সময়ের স্রোতের বিপরীতে চলার প্রদর্শনী করেন, আপনার প্রথাবিরোধী ধারণা ও ব্যতিক্রমী আচরণ জাহির করেন, তবে মানুষ ভাববে আপনি কেবল মনোযোগ কাড়তে চাইছেন এবং তাদের নিচু চোখে দেখছেন। তাদের হীনম্মন্যতায় ফেলার জন্য তারা আপনাকে শাস্তি দেওয়ার কোনো না কোনো উপায় খুঁজে বের করবে। তার চেয়ে সবার সঙ্গে মিশে যাওয়া এবং সাধারণের সংস্পর্শ বজায় রাখা অনেক বেশি নিরাপদ। আপনার মৌলিক চিন্তাভাবনা কেবল সহনশীল বন্ধু এবং যাঁরা আপনার স্বাতন্ত্র্যের কদর করবেন বলে নিশ্চিত, তাঁদের সঙ্গেই ভাগাভাগি করুন।
সূত্র উনচল্লিশ: মাছ ধরার জন্য পানি ঘোলা করুন।
রাগ ও আবেগ কৌশলগতভাবে সব সময়ই ক্ষতিকর। আপনাকে সব সময় শান্ত ও বস্তুনিষ্ঠ থাকতে হবে। কিন্তু আপনি নিজে শান্ত থেকে যদি আপনার শত্রুদের রাগিয়ে তুলতে পারেন, তবে আপনি এক সুস্পষ্ট সুবিধা অর্জন করবেন। আপনার শত্রুদের ভারসাম্যহীন করে তুলুন। তাদের অহংকারের সেই দুর্বল জায়গাটি খুঁজে বের করুন যেখানে আঘাত করে আপনি তাদের বিচলিত করতে পারবেন, তাহলেই সব সুতো আপনার হাতে চলে আসবে।
সূত্র চল্লিশ: বিনা মূল্যের উপহারকে ঘৃণা করুন।
যা বিনা মূল্যে দেওয়া হয় তা বিপজ্জনক, কারণ এর পেছনে সাধারণত কোনো চালবাজি বা গোপন দায়বদ্ধতা লুকিয়ে থাকে। যার প্রকৃত মূল্য আছে, তার জন্য দাম চুকানোই শ্রেয়। নিজের খরচ নিজে মিটিয়ে চললে আপনি কৃতজ্ঞতার ঋণ, অপরাধবোধ ও প্রতারণা থেকে মুক্ত থাকতে পারবেন। প্রায়ই পুরো দাম চুকিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ, কারণ উৎকর্ষতার ক্ষেত্রে কোনো আপস চলে না। অর্থ ব্যয়ে উদার হোন এবং তা সচল রাখুন, কারণ উদারতা ক্ষমতার প্রতীক এবং ক্ষমতাকে আকর্ষণ করার চুম্বক।
সূত্র একচল্লিশ: কোনো মহান ব্যক্তির জুতোয় পা গলানো এড়িয়ে চলুন।
যা প্রথম ঘটে তা সব সময়ই পরবর্তী যেকোনো কিছুর চেয়ে ভালো ও বেশি মৌলিক বলে মনে হয়। আপনি যদি কোনো মহান ব্যক্তির উত্তরসূরি হন অথবা আপনার যদি বিখ্যাত বাবা বা মা থাকেন, তবে তাঁদের ছাপিয়ে যেতে আপনাকে তাঁদের অর্জনের দ্বিগুণ অর্জন করতে হবে। তাঁদের ছায়ায় হারিয়ে যাবেন না, কিংবা এমন এক অতীতে আটকে থাকবেন না যা আপনার নিজের গড়া নয়। গতিপথ বদলে নিজের নাম ও পরিচয় প্রতিষ্ঠা করুন। প্রভাবশালী পূর্বসূরির ছায়াকে ছিন্ন করুন, তাঁর উত্তরাধিকারকে ছাপিয়ে যান এবং নিজের মতো করে উজ্জ্বল হয়ে ক্ষমতা অর্জন করুন।
সূত্র বিয়াল্লিশ: রাখালকে আঘাত করুন, ভেড়ার পাল ছত্রভঙ্গ হয়ে যাবে।
যেকোনো সমস্যার মূলে প্রায়ই একজন শক্তিশালী ব্যক্তি থাকে, সেই উসকানিদাতা, সেই উদ্ধত অধস্তন কর্মচারী কিংবা সদিচ্ছায় বিষ ঢালা মানুষটি। আপনি যদি এ ধরনের মানুষদের কাজ করার সুযোগ দেন, তবে বাকিরাও তাদের প্রভাবে পড়ে যাবে। তাদের তৈরি সমস্যাগুলো বেড়ে ওঠার অপেক্ষা করবেন না, তাদের সঙ্গে সমঝোতার চেষ্টাও করবেন না, কারণ তারা সংশোধনের অযোগ্য। তাদের বিচ্ছিন্ন করে বা বিতাড়িত করে তাদের প্রভাব নিষ্ক্রিয় করে দিন। সমস্যার উৎসে আঘাত হানুন, দেখবেন ভেড়ার পাল এমনিতেই ছত্রভঙ্গ হয়ে যাবে।
সূত্র তেতাল্লিশ: অন্যদের হৃদয় ও মন নিয়ে কাজ করুন।
জবরদস্তি এমন এক প্রতিক্রিয়া সৃষ্টি করে যা শেষ পর্যন্ত আপনার বিরুদ্ধেই যাবে। আপনাকে বরং অন্যদের এমনভাবে আকৃষ্ট করতে হবে যেন তারা নিজেরাই আপনার দিকে এগোতে চায়। আপনি যাকে আকৃষ্ট করতে পেরেছেন, সে আপনার অনুগত ঘুঁটিতে পরিণত হয়। আর অন্যদের আকৃষ্ট করার উপায় হলো তাদের ব্যক্তিগত মনস্তত্ত্ব ও দুর্বলতা নিয়ে কাজ করা। যাঁরা বাধা দিচ্ছেন, তাঁদের আবেগ নিয়ে কাজ করে, তাঁরা যা ভালোবাসেন এবং যা ভয় পান তা কাজে লাগিয়ে তাঁদের নরম করে আনুন। অন্যদের হৃদয় ও মনকে উপেক্ষা করলে তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে।
সূত্র চুয়াল্লিশ: আয়না প্রভাবের মাধ্যমে নিরস্ত্র ও ক্ষিপ্ত করুন।
আয়না বাস্তবতাকে প্রতিফলিত করে, কিন্তু এটি প্রতারণারও এক নিখুঁত হাতিয়ার। আপনি যখন আপনার শত্রুদের অনুকরণ করেন, তারা ঠিক যা করে আপনিও তা ই করেন, তখন তারা আপনার কৌশল কিছুতেই ধরতে পারে না। এই আয়না প্রভাব তাদের উপহাস ও অপমান করে এবং অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে। তাদের মনস্তত্ত্বের সামনে আয়না ধরে আপনি এই বিভ্রম তৈরি করে তাদের বশ করেন যে আপনিও তাদের মূল্যবোধই ধারণ করেন। আর তাদের কাজের সামনে আয়না ধরে আপনি তাদের উচিত শিক্ষা দেন। আয়না প্রভাবের শক্তি খুব কম মানুষই প্রতিরোধ করতে পারে।
সূত্র পঁয়তাল্লিশ: পরিবর্তনের প্রয়োজনীয়তা প্রচার করুন, কিন্তু একসঙ্গে খুব বেশি সংস্কার করবেন না।
তাত্ত্বিকভাবে সবাই পরিবর্তনের প্রয়োজনীয়তা বোঝে, কিন্তু দৈনন্দিন জীবনে মানুষ অভ্যাসের দাস। অতিরিক্ত নতুনত্ব মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এবং তা বিদ্রোহের দিকে নিয়ে যায়। আপনি যদি ক্ষমতার আসনে নতুন হন, কিংবা কোনো বহিরাগত হিসেবে ক্ষমতার ভিত্তি গড়তে চান, তবে পুরোনো রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখান। পরিবর্তন যদি অপরিহার্য হয়, তবে সেটিকে এমনভাবে উপস্থাপন করুন যেন তা অতীতেরই এক কোমল উন্নতি।
সূত্র ছেচল্লিশ: কখনোই নিজেকে অতিরিক্ত নিখুঁত দেখাবেন না।
অন্যদের চেয়ে শ্রেষ্ঠ দেখানো সব সময়ই বিপজ্জনক, কিন্তু সবচেয়ে বেশি বিপজ্জনক হলো নিজেকে কোনো দোষ বা দুর্বলতাহীন বলে তুলে ধরা। ঈর্ষা নীরব শত্রু তৈরি করে। ঈর্ষাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং নিজেকে আরও মানবিক ও সহজলভ্য দেখাতে মাঝে মাঝে নিজের ত্রুটি প্রকাশ করা ও নির্দোষ দুর্বলতা স্বীকার করা বুদ্ধিমানের কাজ। একমাত্র দেবতা আর মৃত মানুষেরাই কোনো পরিণতির ভয় ছাড়াই নিখুঁত বলে বিবেচিত হতে পারেন।
সূত্র সাতচল্লিশ: আপনার নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে যাবেন না, বিজয়ের মুহূর্তে কখন থামতে হবে তা শিখুন।
বিজয়ের মুহূর্তই প্রায়ই সবচেয়ে বড় বিপদের মুহূর্ত। বিজয়ের উত্তেজনায় অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে আপনার নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে আরও এগিয়ে যেতে প্ররোচিত করতে পারে, আর সীমা ছাড়িয়ে যাওয়ার ফলে আপনি যত শত্রু পরাজিত করেছেন তার চেয়ে বেশি শত্রু তৈরি করে ফেলেন। সাফল্যকে কখনোই মাথায় চড়তে দেবেন না। কৌশল ও সতর্ক পরিকল্পনার কোনো বিকল্প নেই। একটি লক্ষ্য স্থির করুন, আর সেই লক্ষ্যে পৌঁছে গেলেই থেমে যান।
সূত্র আটচল্লিশ: নিরাকার রূপ ধারণ করুন।
কোনো নির্দিষ্ট আকার নিলে বা দৃশ্যমান কোনো পরিকল্পনা থাকলে আপনি নিজেকে আক্রমণের মুখে উন্মুক্ত করে দেন। শত্রুর হাতের নাগালে আসার মতো কোনো রূপ নেওয়ার বদলে নিজেকে সব সময় নমনীয় ও গতিশীল রাখুন। এই সত্য মেনে নিন যে কোনো কিছুই নিশ্চিত নয় এবং কোনো নিয়মই চিরস্থায়ী নয়। নিজেকে রক্ষা করার সর্বোত্তম উপায় হলো পানির মতো তরল ও নিরাকার হয়ে থাকা, কখনোই স্থিতিশীলতা বা স্থায়ী শৃঙ্খলার ওপর বাজি ধরবেন না। সবকিছুই বদলে যায়।