১
----
ক্যাম্পাস লাইফে টিউশন করতাম। যখন শ্বশুরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম, তখন কোনো টিউশনও আমার ছিল না। অবশ্য এভাবে হঠাৎ বিয়ের কোনো ইচ্ছাও আমার ছিল না। ভালো একটা মেয়ের সন্ধান যেহেতু এসেছে, চেষ্টাটা করে দেখি.....
তাকদীরে ছিল। দিনকাল ঠিক হল। হল থেকে এলাম বিয়ে করতে একটা সিএনজি নিয়ে। আব্বারা এলেন সাভার থেকে। বড়ো বড়ো উলামায়ে কেরামের উপস্থিতে বিয়ে পড়ালেন সদ্য কারামুক্ত মঞ্জুরুল ইসলাম আফেন্দি হাফিজাহুল্লাহ। বিয়ের দিন শ্বশুর নাকি আহলিয়াকে বলেছিলেন - চিন্তা করিস না মা, ছেলে যখন যোগ্য আছে রিযিকের ব্যবস্থা একটা না একটা হবে।
ঢাবির হলগুলোতে যেহেতু পড়ালেখা ও আউটসোর্সিংয়ের তেমন পরিবেশ নেই, সেহেতু বিয়ের পর সর্বপ্রথম আমি হল ছেড়ে দিলাম। দুই হাজার টাকায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে একটা রুম ভাড়া নিলাম।
একটা কাজ আমরা দুজনই করতাম। আমাদের প্রয়োজনের কথা কাউকে বলতাম না, এমনকি বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ও কাউকেই না। আমরা দুজনই বুঝতাম অমুক জিনিসটা খুব প্রয়োজন, তবুও একে অপরের কাছে মুখ ফুটে বলতাম না। রামপুরা থেকে দৈনিকবাংলার মোড়ে হেঁটে হেঁটে যাওয়ার দিনগুলোতেও কোনো দিন আহলিয়াকে বলিনি, আজ হেঁটে গেছি; কালও হেঁটে যেতে হবে। খুব ধনী মনে হত নিজেকে। ভাবতাম, এভাবে হাঁটার শক্তি আল্লাহ ক'জনকে দেয়।
মুন্সিগঞ্জের এক রুমের বাসায় আমাদের সম্বল ছিল হল লাইফে ব্যবহৃত সিঙ্গেল তোষক, বালিশ, টেবিল ও বাক্স। কেনার মধ্যে ছিল দুয়েকটা হাড়ি, একটা প্লেট, সিঙ্গেল চৌকি আর জানালার পর্দা। আমাদের ঘরে কোনো দিন সূর্যের আলো আসা বন্ধ থাকেনি, অভাব কী জিনিস কোনো দিন আমরা অনুভব করিনি। একে অপরকে পাশে পেয়েছি। আমাদের ঘরে ছিল আল্লাহ ও তাঁর রাসুল।
২
---
বিয়ের আগে অনেক ভাইকে দেখি নিয়মিত মধু ও হারবালের ঔষুধ খায়। বিয়েকে যারা ফ্যান্টাসি ভাবে, তাদের জন্য এগুলো অবশ্য খুব জরুরী। আরও জরুরী আগে বাড়ির কাজ শেষ করা, নতুন ফার্নিচার কেনা, পর্যাপ্ত টাকা জমানো, ডাক-ঢোল পিটানো, ওলীমা করে হাজার খানেক মানুষ খাওয়ানো।
বুঝলাম, ছাগল জবাই করে ওলিমা করা সুন্নাত, মহরে ফাতিমি সুন্নাত। টাকা ছাড়া এগুলো কি সম্ভব? আসলেই তো সম্ভব নয়। আমার পক্ষে এটাও বুঝা সম্ভব নয় যে, দরিদ্র সাহাবিরা বিয়ে ক্যমনে করতেন? রাসুলের অন্য মেয়েদের মহর কেমন ছিল? সাহাবিরা সবাই কি মহরে ফাতিমী দিয়ে বিয়ে করতেন? খেজুর দিয়ে ওলিমা আদায় হবে না কেন? বিয়ে করতে চৌদ্দ গোষ্ঠীর সম্পৃক্ততা লাগবে কেন? কেন অভিভাবকরা চাকরি ছাড়া সন্তানকে বেকার ভাবেন? কেন স্ট্যাটাসের মধ্যে বিয়েকে আটকে ফেললাম আমরা?
হাফিজ আল মুনাদি